ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ মে, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
দেশে ক্রমবর্ধমান শিশু ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর সঙ্গে জড়িতদের দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।
বুধবার (২০ মে) জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এক বিবৃতিতে এ দাবি করেন।
জামায়াতের মহিলা বিভাগের মিডিয়া ও প্রচার সেক্রেটারি নাজমুন নাহার নীলু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার প্রসঙ্গ টেনে এই অমানবিক ও পৈশাচিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নূরুন্নিসা সিদ্দীকা।
বিবৃতিতে জামায়াতের এই নারী এমপি বলেন, একটি শিশু, যে ছিল পরিবারের স্বপ্ন, সমাজের ভবিষ্যৎ—তাকে এভাবে হত্যা করা শুধু একটি পরিবারের নয়, সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
এ ধরনের ঘটনা প্রমাণ করে সমাজে নৈতিক অবক্ষয় ভয়াবহ রূপ ধারণ করেছে এবং শিশু ও নারীর নিরাপত্তা আজ মারাত্মক হুমকির মুখে।
দেশে শিশু ও নারী নির্যাতন ক্রমবর্ধমান হারে বাড়ছে উল্লেখ করে নূরুন্নিসা সিদ্দীকা বলেন, গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত নয়দিনে পাঁচ শিশু হত্যার ঘটনা ঘটেছে, যার মধ্যে চারজনই ধর্ষণের শিকার।
ধর্ষণ ও হত্যার মত জঘন্য অপরাধের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।
অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—দোষীদের দ্রুত বিশেষ ট্রাইব্যুনালে বিচার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং সারাদেশে নারী ও শিশুর নিরাপত্তা জোরদার করা।
বিবৃতিতে নিহত শিশু রামিসার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা।