ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সহিংসতা বেছে নিলে ফল ভালো হবে না

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ মে, ২০২৬ ২০:১৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১৬ বার


সহিংসতা বেছে নিলে ফল ভালো হবে না

দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, সরকার যদি রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবেলায় সহিংসতার পথ বেছে নেয়, তাহলে তার জবাবও কঠোরভাবেই দেওয়া হবে।

তিনি বলেন, মানুষ কী করতে পারে দেশের মানুষ ২০২৪ সালে সেটা দেশ দেখেছে।

সরকার যদি আবারও ভায়োলেন্সকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে নেয়, তাহলে এই লড়াই কোনো একক দলের সঙ্গে হবে না, হবে পুরো একটি প্রজন্মের সঙ্গে।

 

শুক্রবার (২২ মে) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কবি কাজী নজরুল অডিটোরিয়ামে এনসিপির যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

আসিফ মাহমুদ বলেন, দেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে মহানগর রাজনীতিকে দখল, প্রভাব ও শক্তির রাজনীতিতে পরিণত করেছে। কিন্তু এনসিপি নগর রাজনীতিকে মানুষের জীবনমান উন্নয়ন এবং সুন্দর নগরজীবন গড়ার রাজনীতি হিসেবে দেখে।

 

তিনি বলেন, আমরা শুধু সংখ্যার রাজনীতি করতে চাই না। ওয়ার্ড পর্যায়ে, এলাকার সাধারণ মানুষের জীবনে যদি ইতিবাচক পরিবর্তন আনতে না পারি, তাহলে সেই রাজনীতির কোনো প্রয়োজন নেই।

 

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের পর থেকেই খুন, ধর্ষণ ও নাগরিক নিরাপত্তাহীনতা বেড়েছে। মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, মাঝেমধ্যে মনে হয় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন না করে অন্য কোনো ভূমিকায় আছেন। কিন্তু নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।

সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশে একই ধরনের গলা কেটে হত্যার ঘটনা বাড়ছে, যা উদ্বেগজনক। এসব ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে রাষ্ট্রীয় সংস্থাগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।

আসিফ মাহমুদ আরও বলেন, বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে। বাংলাদেশে ২০২৪ সালের গণঅভ্যুত্থান সেই পরিবর্তনের একটি বড় উদাহরণ।

ঝিনাইদহে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে তিনি বলেন, জুমার নামাজে অংশ নিতে যাওয়ার সময় ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলে যেভাবে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটত, এখন আবার সেই সংস্কৃতি ফিরে আসছে।

হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ভিডিও ও ছবিতে হামলাকারীদের পরিচয় স্পষ্ট হয়েছে। আজ রাতের মধ্যেই তাদের গ্রেপ্তার করতে হবে। না হলে জনগণ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।


   আরও সংবাদ