ঢাকা, শনিবার, ২৩ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২২ মে, ২০২৬ ২০:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ বন্ধে আলোচনায় অচলাবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম বেড়েছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম মজুত ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় দুপুর ১২টা ৩৪ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৩ শতাংশ বা ২ দশমিক ৩৮ ডলার বেড়ে ১০৪ দশমিক ৯৬ ডলারে পৌঁছায়।

 

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৮ শতাংশ বা ১ দশমিক ৭৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়।

এর আগে বৃহস্পতিবার দুই ধরনের তেলের দামই প্রায় ২ শতাংশ কমে গিয়েছিল, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায় ছিল।

 

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে উত্তেজনা বাড়তে থাকায় তেলের বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার অঙ্গীকার করেছেন।

যদিও তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই এই ইউরেনিয়াম হস্তান্তর করবে না।

 

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা এটা নিয়ে আসব। আমাদের এটার প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। সম্ভবত হাতে পাওয়ার পর আমরা এটি ধ্বংস করে দেব। কিন্তু আমরা তাদের কাছে এটা থাকতে দেব না।’

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দেশের ইউরেনিয়াম মজুত বিদেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন। রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোও এ বিষয়ে একমত।

ইরানের এক জ্যেষ্ঠ সূত্র রয়টার্সকে বলেন, ‘সর্বোচ্চ নেতার নির্দেশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঐকমত্য হলো-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে যাবে না।’

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নতুন করে বড় ধরনের চাপের মুখে পড়তে পারে।

সূত্র:আল জাজিরা


   আরও সংবাদ