ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সততার সঙ্গে কাজ করার আহ্বান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৪ মে, ২০২৬ ০৯:১৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার


সততার সঙ্গে কাজ করার আহ্বান

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রকৌশলীদের সততা, মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ মে) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

আইইবি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত প্রকৌশলী সংসদ সদস্য এবং গবেষণা ও প্রশিক্ষণে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’প্রাপ্ত প্রকৌশলীদের সংবর্ধনা দেওয়া হয়। একইসঙ্গে এটি ছিল আইইবির মাসব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী (ইঞ্জিনিয়ার্স ডে) আয়োজনের সমাপনী অনুষ্ঠান।

 

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িত রয়েছে সততা, জবাবদিহিতা এবং দূরদর্শী পরিকল্পনা। বিগত সরকারের সময়ে অনেক প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম, অপচয় ও দুর্নীতির অভিযোগ উঠেছে, যা দেশের অগ্রগতিকে ব্যাহত করেছে।

এই পিছিয়ে পড়া বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সবাইকে, বিশেষ করে প্রকৌশলীদের সততার সঙ্গে কাজ করতে হবে। একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের নেতৃত্বই হতে পারে সবচেয়ে বড় শক্তি।

 

এ সময় তিনি গুমের শিকার পরিবারের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম তুলির সাহসিকতার প্রশংসা করে বলেন, জাতীয় সংকট ও ক্রান্তিকালে নিপীড়িত মানুষের পক্ষে তিনি যে সাহসী ভূমিকা রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির প্রেসিডেন্ট ও রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)। তিনি বলেন, আইইবি দল-মত নির্বিশেষে দেশের সব প্রকৌশলীকে একত্রিত করে প্রযুক্তিগত অগ্রগতি ও জাতি গঠনে কাজ করে যাচ্ছে। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ প্রকৌশলী সমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।

স্বাগত বক্তব্যে আইইবির সম্মানী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান জানান, আইইবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আয়োজিত বিভিন্ন সেমিনার ও মতবিনিময় সভা থেকে প্রাপ্ত সুপারিশসমূহ একত্রিত করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে পাঠানো হবে, যাতে তা রাষ্ট্রীয় নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল), মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মঈনুল ইসলাম খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি), প্রকৌশলী মাহবুবা হাকিম ক্যামেলিয়া, প্রকৌশলী মারদিয়া মমতাজ এবং স্বাধীনতা পুরস্কার-২০২৬প্রাপ্ত ড. প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাকী।

সংবর্ধিত অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন (বকুল) বলেন, বিগত সময়ের দুঃখ-কষ্ট ও বিভেদ ভুলে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রকৌশলী সানজিদা ইসলাম (তুলি) তার বক্তব্যে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সমর্থন দেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আইইবির এই স্বীকৃতি মানবকল্যাণে কাজ করার অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

ধন্যবাদ জ্ঞাপন করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া। তিনি সংসদে প্রকৌশলীদের অধিকার ও মর্যাদা নিয়ে কথা বলার জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্যসচিব ও আইইবি ঢাকা কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী কে. এম. আসাদুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী এ.টি.এম. তানবীর-উল হাসান (তমাল), সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী, প্রকৌশলী মো. নুর আমিনসহ আইইবি কেন্দ্রীয় কাউন্সিল ও ঢাকা কেন্দ্রের বিভিন্ন পর্যায়ের নেতারা।


   আরও সংবাদ