ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসরায়েলে হামলা বন্ধে রাজি হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২ জুন, ২০২৬ ০৯:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২০২ বার


ইসরায়েলে হামলা বন্ধে রাজি হিজবুল্লাহ

লেবানন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সাড়া দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করতে রাজি হয়েছে হিজবুল্লাহ। এর বিনিময়ে লেবাননের রাজধানী বৈরুতে হামলা না চালাতে সম্মত হয়েছে ইসরায়েল।

 

যুক্তরাষ্ট্রে লেবাননের দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘পারস্পরিক হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব হিজবুল্লাহ গ্রহণ করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।’

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

তবে তিনি সতর্ক করে বলেন, ‘হিজবুল্লাহ যদি আমাদের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে বৈরুতে হামলা অব্যাহত থাকবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং ‘উভয় পক্ষই গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে’।

 

 

ইরান এর আগে সতর্ক করে বলেছিল, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।

 

সোমবার গভীর রাতে দেওয়া বিবৃতিতে লেবাননের দূতাবাস জানায়, প্রস্তাবিত ব্যবস্থার আওতায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ করা হবে।

 

 

এর বিনিময়ে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধবিরতি পরবর্তীতে পুরো লেবাননজুড়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

 

তবে নেতানিয়াহু বলেন, ‘একই সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে তাদের অভিযান চালিয়ে যাবে।’

 

ট্রাম্প উভয় পক্ষের মধ্যে হামলা বন্ধে সম্মতির কথা ঘোষণা করলেও পরে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের দুটি গ্রামের কাছে অবস্থানরত ইসরায়েলি ট্যাংক ও সেনাদের লক্ষ্য করে তিনটি হামলা চালিয়েছে। এসব হামলায় ড্রোন এবং ভারী গোলাবর্ষণ ব্যবহার করা হয়েছে।


   আরও সংবাদ