ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ জুন, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার
মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিদর্শনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব নিয়ে ব্যতিক্রমী মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ ছয় সদস্যের একটি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা সফরের প্রস্তাব সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে পাঠানো ওই প্রস্তাবে মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক ও উদ্ভাবনী পদ্ধতি সরেজমিনে পরিদর্শনের কথা উল্লেখ করা হয়।
প্রস্তাবিত সফরটির ব্যয় বহনের আগ্রহ প্রকাশ করে বিদেশভিত্তিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি। সফরের উদ্দেশ্য ছিল মশক দমন ও নিয়ন্ত্রণে ব্যবহৃত প্রযুক্তি এবং কার্যক্রম সম্পর্কে অভিজ্ঞতা অর্জন।
তবে এ বিষয়ে মতামত দিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেন, মশক নিধনের কৌশল জানতে বা দেখতে বিদেশে যাওয়ার প্রয়োজন নেই। দেশের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর জলাবদ্ধ বা ডোবাযুক্ত স্থানে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশার উপদ্রব এবং তা মোকাবিলার বাস্তব চিত্র সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।
প্রধানমন্ত্রীর এই মন্তব্য প্রশাসনিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের যৌক্তিকতা, ব্যয় সাশ্রয় এবং বাস্তবমুখী প্রশাসনিক কার্যক্রমের প্রতি গুরুত্বারোপ হিসেবে দেখছেন।
এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে স্থানীয় সরকার বিভাগ।