ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ জুন, ২০২৬ ১০:২১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সেখান থেকে রেফার করা রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর ছয়টি সরকারি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, ১১ জুন জারি করা এক আদেশে আদ-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, ২ বড় মগবাজার, ঢাকার লাইসেন্স বাতিল করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ওই হাসপাতাল থেকে রেফার করা রোগীরা যেন কোনো ধরনের চিকিৎসা সংকটে না পড়েন, সে জন্য সংশ্লিষ্ট সরকারি হাসপাতালগুলোকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যে ছয়টি হাসপাতালকে এ নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলো— ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। এ ছাড়া নির্দেশনার অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন রয়েছে।