ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ জুন, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
প্রথমবারের মতো ‘চার্টার্ড সেক্রেটারি ডে-২০২৬’ উদযাপন শুরু করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)। করপোরেট সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়সংগত ব্যবস্থাপনা নিশ্চিত করতে নীতিগত সহায়তা চেয়েছে আইসিএসবি।
মঙ্গলবার (১৬ জুন) সকালে দিবসটি উপলক্ষে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বাংলামোটরে অবস্থিত আইসিএসবি প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য, সদস্য, শিক্ষার্থী, করপোরেট ব্যক্তিত্ব, অংশীজন ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে আলোচনা সভা, আনুষ্ঠানিক কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাংলাদেশে চার্টার্ড সেক্রেটারি পেশার বিকাশ ও অগ্রযাত্রার স্মৃতিচারণসহ বিভিন্ন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
র্যালির শুরুতে আইসিএসবির প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস বলেন, ২০১০ সালের ১৬ জুন চার্টার্ড সেক্রেটারিজ আইন প্রণয়নের মাধ্যমে দেশে এ পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে।
সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করেই এবার প্রথমবারের মতো ‘চার্টার্ড সেক্রেটারি ডে’ উদযাপন করা হচ্ছে।
তিনি বলেন, করপোরেট সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায়সংগত ব্যবস্থাপনা নিশ্চিত করাই চার্টার্ড সেক্রেটারিদের অন্যতম দায়িত্ব।
দিবসটির মাধ্যমে পেশাজীবীদের দায়িত্ব ও কর্তব্য নতুন করে স্মরণ করিয়ে দেওয়া এবং অংশীজনদের কাছে এ পেশার গুরুত্ব তুলে ধরাই মূল লক্ষ্য।
হোসেন সাদাত আরও বলেন, আমরা সরকারের কাছ থেকে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সহায়ক পরিবেশ চাই। সরকার, পেশাজীবী ও বেসরকারি খাত সম্মিলিতভাবে কাজ করলে দেশে সুশাসন আরও শক্তিশালী হবে।
তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামে আইসিএসবির দুটি ক্যাম্পাসে একযোগে দিবসটি উদযাপন করা হচ্ছে। ভবিষ্যতে প্রতি বছর ১৬ জুন ‘চার্টার্ড সেক্রেটারি ডে’ পালনের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা করপোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারিদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের পেশাজীবী, চার্টার্ড সেক্রেটারি, শিক্ষার্থী ও নির্বাহীরা দিবসটি উদযাপনের মাধ্যমে বাংলাদেশের করপোরেট ও অর্থনৈতিক অঙ্গনে এ পেশার ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরেন।
এ সময় আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরীসহ সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য, সদস্য, শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চার্টার্ড সেক্রেটারিজ আইন, ২০১০-এর মাধ্যমে ১৬ বছর আগে দেশে চার্টার্ড সেক্রেটারি পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে। সেই মাইলফলককে স্মরণীয় করতেই এ বছর থেকে ‘চার্টার্ড সেক্রেটারি ডে’ উদযাপনের উদ্যোগ নিয়েছে আইসিএসবি।