আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ জুন, ২০২৬ ০৯:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত মার্কিন অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতো সৌদি আরবে অবস্থানকালে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রোববার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, দেশটির জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ জানিয়েছেন, এসপোসিতো কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সময় তিনি সৌদি আরবে একটি প্রযোজনার শুটিং চলাকালে একটি মসজিদে প্রোডাকশন দলের সদস্যদের সঙ্গে নামাজেও অংশ নেন।
আল-শেখের ভাষ্য অনুযায়ী, সৌদি আরবে অবস্থানকালে ইতিবাচক অভিজ্ঞতা এবং মুসলমানদের সঙ্গে ঘনিষ্ঠ মেলামেশার পর এসপোসিতো এ সিদ্ধান্ত নেন। শুটিংয়ের সময় স্থানীয় মানুষের আন্তরিকতা, আতিথেয়তা এবং মুসলিম সম্প্রদায়ের গভীর প্রশংসা প্রকাশ করেছিলেন এই অভিনেতা।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এসপোসিতোকে প্রোডাকশন দলের সদস্যদের সঙ্গে একটি মসজিদের ভেতরে নামাজ আদায় করতে দেখা গেছে।
দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে এসপোসিতো চলচ্চিত্র ও টেলিভিশনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
তিনি ‘বেটার কল সল’, ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-সহ বিভিন্ন জনপ্রিয় প্রযোজনায় অভিনয় করেছেন।
বিশেষ করে গাস ফ্রিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং একাধিক পুরস্কারের মনোনয়ন পান।
সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ‘সেভেন ডগস’ নামের একটি বড় প্রযোজনার শুটিংয়ে অংশ নিচ্ছেন। সৌদি আরব যখন তার বিনোদন ও চলচ্চিত্র শিল্প সম্প্রসারণ এবং আন্তর্জাতিক প্রযোজনা ও প্রতিভা আকর্ষণের চেষ্টা চালাচ্ছে, তখন এটি দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।