ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ জুন, ২০২৬ ১০:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১২ বার
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে কুয়ালালামপুর থেকে চীনের দালিয়ানে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট সোমবার (২২ জুন) স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে দালিয়ান ঝুশুইজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।
লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর এবং চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীকে স্বাগত জানান।
পরে বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রার মাধ্যমে হোটেল শাংগ্রি-লা’তে নিয়ে যাওয়া হয়।
সেখানে তিনি দুই দিন অবস্থান করবেন।
এর আগে মালয়েশিয়ার স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দালিয়ানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
চীনের দালিয়ানে দুই দিন কর্মব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী। দালিয়ান সফর শেষে তিনি চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন।
সেখানে তাঁর সরকারি সফরের মূল কর্মসূচি শুরু হবে।
প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ১৭তম ‘নিউ চ্যাম্পিয়নস’র বার্ষিক সভা, অর্থাৎ ২০২৬ সামার দাভোস ফোরামে অংশ নেবেন।
চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় ‘সোনালি ৫০ বছর’-এ প্রবেশের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরকে তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের মতে, এ সফর অতীত অর্জনের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্কের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণেও ঐতিহাসিক গুরুত্ব বহন করবে।
আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম বিদেশ সফর।
এদিকে সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একান্ত বৈঠক করেন। এ ছাড়া দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং আরও দুটি চুক্তি স্বাক্ষরিত হয়।