ঢাকা, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ জুলাই, ২০২৬ ১৩:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


অক্টোবরে শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন

ঢাকা: আগামী অক্টোবরের প্রথমার্ধে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, নির্বাচন কমিশনের প্রাথমিক রোডম্যাপ অনুযায়ী চলতি জুলাইয়ের শেষ দিকে নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে।

 

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন-প্রতিটি স্তরের জন্য পৃথক রোডম্যাপ প্রস্তুত করেছে।

এগুলো চলতি মাসের শেষ দিকে চূড়ান্ত করে প্রকাশ করা হতে পারে। এরপর আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল ঘোষণা এবং অক্টোবরের প্রথমার্ধে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর পরিকল্পনা রয়েছে।

 

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সারা দেশকে হাওর ও উত্তর-পূর্বাঞ্চল, উপকূলীয় অঞ্চল, নদীপ্রধান এলাকা এবং সমতল অঞ্চল-এভাবে ভাগ করে সম্ভাব্য সময়সূচি নির্ধারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, তা নিয়ে দীর্ঘদিন আলোচনা ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ায় অনেকে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

তবে সরকার শুরু থেকেই বলে আসছে, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

 

তিনি আরও বলেন, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আবহাওয়ার বিষয়টি বিবেচনায় রাখা হয়। তাই শুষ্ক ও শীত মৌসুমে বেশি সংখ্যক নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

ডা. জাহেদ বলেন, অক্টোবরে নির্বাচন শুরু হলে পুরো প্রক্রিয়া শেষ করতে আরও ১০ থেকে ১২ মাস সময় লাগতে পারে। অর্থাৎ, চলতি বছরের অক্টোবরে ভোটগ্রহণ শুরু হলে ধাপে ধাপে নির্বাচন শেষে ২০২৭ সালের অক্টোবর নাগাদ স্থানীয় সরকার নির্বাচনের পুরো প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। 


   আরও সংবাদ