ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার


২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা

দেশের দুটি ভাসমান এলএনজি (এফএসআরইউ) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ কমে গেছে।

সরকারের আশা, এটি সাময়িক সমস্যা এবং দুই থেকে তিন দিনের মধ্যেই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

 

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  যুগ্ম সচিব ও সংস্থাটির মুখপাত্র মুনির হোসেন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, সংশ্লিষ্ট সংস্থা ও কারিগরি বিশেষজ্ঞরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এফএসআরইউটির ত্রুটি মেরামতের কাজ করছেন। একই সঙ্গে সীমিত গ্যাস সরবরাহের মধ্যে শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য অগ্রাধিকার খাতে সরবরাহ বজায় রাখার চেষ্টা চলছে।

তিনি বলেন, বর্তমান সংকটের তাৎক্ষণিক কারণ একটি এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি হলেও দীর্ঘদিন দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদনে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ায় আমদানিনির্ভরতা বেড়েছে। ফলে আমদানি অবকাঠামোর কোনো একটি অংশে সমস্যা দেখা দিলে পুরো গ্যাস সরবরাহ ব্যবস্থাই চাপের মুখে পড়ে।

এই নির্ভরতা কমাতে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে ১০০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।  বুধবার অনুষ্ঠিত একনেক সভায় নোয়াখালীর বেগমগঞ্জ ও সুনামগঞ্জ এলাকায় ৭২৯ কোটি টাকা ব্যয়ে তিনটি নতুন কূপ খননের একটি প্রকল্প অনুমোদন পেয়েছে।

এ ছাড়া অনশোর ও অফশোর উভয় এলাকায় গ্যাস অনুসন্ধান জোরদার, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, চতুর্থ এফএসআরইউ স্থাপনের উদ্যোগ, মালয়েশিয়া থেকে আইএসও ট্যাংকের মাধ্যমে এলএনজি আমদানির সম্ভাব্যতা যাচাই, ভোলার গ্যাস মূল ভূখণ্ডে আনার ব্যবস্থা এবং নতুন কূপ খনন ও পুরোনো কূপের উৎপাদন বৃদ্ধির কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

মুনির হোসেন চৌধুরী বলেন, এফএসআরইউটির কারিগরি সমস্যা সমাধান হলেই গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে সরকার আশাবাদী। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখও প্রকাশ করেন তিনি।


   আরও সংবাদ