ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬ ২০:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৪ বার


সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের মধ্যেই চিকিৎসাসফর সংক্ষিপ্ত করে শুক্রবার (২৪ জুলাই) দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

 

জানা যায়, গত ১৯ জুলাই চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ডের ব্যাংককে যান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই তার দেশে ফেরার কথা ছিল।

কিন্তু সরকারের উচ্চপর্যায় থেকে অনুরোধ পাওয়ায় সফর সংক্ষিপ্ত করে শুক্রবারই দেশে ফিরছেন তিনি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, ‘সফরসূচি অনুযায়ী আগামী ২৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা ছিল।

কিন্তু সরকারের উচ্চপর্যায় থেকে তাকে দ্রুত দেশে ফিরতে অনুরোধ করা হয়েছে। সে কারণে তিনি শুক্রবারই দেশে ফিরবেন।

 

হঠাৎ দ্রুত দেশে ফেরার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘গতকাল থেকেই রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিভিন্ন গুঞ্জন শুনছি। হয়তো সে কারণেই তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন। আশা করি, আগামীকালই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।’

উল্লেখ্য, বাংলাদেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অক্ষম হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সে ক্ষেত্রে গুঞ্জন সত্যি হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তবে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক।


   আরও সংবাদ