ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬ ১২:০৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৫৬ বার
ঢাকা: আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের (এপিএসসিএল) ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল (নর্থ) বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ট্যারিফ পুনর্নির্ধারণ করেছে সরকার।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের লেভেলাইজড ট্যারিফ পাঁচ টাকা চার পয়সা থেকে কমিয়ে পাঁচ টাকা তিন পয়সা করা হয়েছে।
ফলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বছরে প্রায় ২৫ কোটি ১৭ লাখ টাকা সাশ্রয় হবে।
বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
সভা-সংশ্লিষ্ট সূত্র জানায়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইসিডিবি) আর্থিক সহায়তায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে। ২০১৭ সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করা কেন্দ্রটি ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিদ্যুৎ সরবরাহ করে আসছে।
জানা গেছে, বিদ্যুৎ খাতে আরও গতিশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিপিডিবির পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের আলোকে ট্যারিফ পুনর্নির্ধারণের প্রস্তাব আনা হয়। সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সেই প্রস্তাব অনুমোদন দিয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, নতুন ট্যারিফ কার্যকর হওয়ার পর বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে চুক্তির অবশিষ্ট ১৬ বছর ১০ মাস ১০ দিনের মেয়াদে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের বিপরীতে বিপিডিবিকে মোট ২২ হাজার ৬১৮ কোটি ১২ লাখ টাকা পরিশোধ করতে হবে। তবে ট্যারিফ সামান্য কমে যাওয়ায় প্রতি বছর সরকারের ব্যয়ে উল্লেখযোগ্য সাশ্রয় হবে।
এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড একটি সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান। ফলে বিদ্যুৎ বিক্রির মাধ্যমে অর্জিত লভ্যাংশ শেষ পর্যন্ত সরকারের আয় হিসেবেই বিবেচিত হবে।