ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


 ট্রাম্পের সঙ্গে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলার পর জরুরি বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। বৈঠকে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা, যুদ্ধ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

 

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, বুধবার (২৯ জুলাই) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সাক্ষাতের পর সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সফরসূচিতে ট্রাম্পের সঙ্গে এই বৈঠকটি যুক্ত করা হয়।

ওই বৈঠকে প্রিন্স খালিদ ভ্যান্সকে জানান, সৌদি আরব ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর পক্ষে। তবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব যৌথভাবে ইরানপন্থী ইরাকি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক হামলা চালিয়েছে।

 

সূত্রটি আরও জানায়, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এবং অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়াই ছিল এসব বৈঠকের অন্যতম উদ্দেশ্য।

সৌদি আরব মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র।

গত পাঁচ মাসে বিভিন্ন সময়ে দুই দেশের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য দেখা দিলেও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রিয়াদ একাধিকবার ট্রাম্প প্রশাসনের ইরান-নীতি প্রভাবিত করতে সক্ষম হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

যুবরাজ মোহাম্মদের ভাই ও ঘনিষ্ঠ আস্থাভাজন প্রিন্স খালিদ বিন সালমানের গত সপ্তাহেই ওয়াশিংটন সফরে যাওয়ার কথা ছিল। তবে ইরাকে হামলার কারণে তিনি সেই সফর স্থগিত করেন।

গত মঙ্গলবার সৌদি সামরিক বাহিনী ও মার্কিন সেন্ট্রাল কমান্ড যৌথভাবে ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের বিরুদ্ধে হামলা চালায়।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নির্দেশনায় পরিচালিত মিলিশিয়াদের মাধ্যমে সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ৩০টিরও বেশি ড্রোন হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়।

 

 

পরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও নিশ্চিত করে যে, তারা এই অভিযানে অংশ নিয়েছে এবং এটি মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে সমন্বয় করেই পরিচালিত হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই, অ্যাক্সিওস


   আরও সংবাদ