আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩ অগাস্ট, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত গাজা শান্তি পরিকল্পনার মধ্যেই গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে অন্তত ১৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানা গেছে, রোববার (২ আগস্ট) ভোর থেকে চালানো এসব হামলায় সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা ঘটেছে।
আর্ন্তজাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম গাজা শহরের আল-সুসি টাওয়ারের একটি আবাসিক ফ্ল্যাটে হামলায় এক অন্তঃসত্ত্বা নারী, তার স্বামী ও তাদের পাঁচ বছরের সন্তান নিহত হন। একই দিনে খান ইউনিসের আল-কারারা এলাকায় একটি ফ্ল্যাটে হামলায় একই পরিবারের আরও তিনজন প্রাণ হারান।
এ ছাড়া দেইর আল-বালাহে একটি মোটরসাইকেলে থাকা এক দম্পতি নিহত হন। জাবালিয়া শরণার্থী শিবিরে একজন, আল-মাওয়াসিতে একজন, রিমাল এলাকায় ড্রোন হামলায় দুজন এবং গাজা শহরে একটি গাড়িতে হামলায় চারজন নিহত হয়েছেন।
শনিবার দেইর আল-বালাহের আল-আকসা শহীদ হাসপাতালের ওষুধ গুদামে হামলা চালিয়ে দুটি স্থাপনা সম্পূর্ণ ধ্বংস এবং আরও দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ অভিযোগ করেন, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী ধ্বংস করে ওষুধ এবং রোগকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
আল জাজিরার সংবাদদাতা মোয়াজ আল-কাহলৌত জানান, ঘটনাস্থলে একটি বিশাল গর্ত দেখা গেছে। এলাকা খালি করার নির্দেশ দেওয়ার মাত্র ১৫ মিনিট পরই ওই হামলা চালানো হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজাজুড়ে নিচু দিয়ে যুদ্ধবিমান উড়িয়ে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আবাসিক ভবন ও জনসমাগমস্থলে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় শনিবার অন্তত আটজন এবং শুক্রবার আরও কয়েকজন ফিলিস্তিনি নিহত হন।
গত শুক্রবার (৩১ জুলাই) ওয়াশিংটনের ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গঠিত বোর্ড অব পিস ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী যুদ্ধবিরতি বাস্তবায়নের ঘোষণা দেয়। ট্রাম্পের পরিকল্পনায় হামাস অস্ত্র ত্যাগে সম্মতি দিলেও ইসরায়েল সরকার এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
ফিলিস্তিনিদের অভিযোগ, যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও অব্যাহত হামলা এবং মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার কারণে পুরো প্রক্রিয়াটি কার্যত একটি ‘প্রতারণায়’ পরিণত হয়েছে। কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ২২২ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৫৩ জন আহত হয়েছেন।
ইসরায়েল বিষয়ক বিশেষজ্ঞ মহনদ মুস্তফা বলেন, এসব চুক্তি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং দেশটি নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়ে ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করে চলেছে।
অন্যদিকে হামাসের অস্ত্র সমর্পণ এবং সেনা প্রত্যাহারকে ঘিরে প্রস্তাবিত পরিকল্পা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডোরন স্পিলম্যান বলেন, হামাস সম্পূর্ণভাবে অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত সেনা প্রত্যাহার করা হবে না।
ইসরায়েলের জ্বালানিমন্ত্রী এলি কোহেনও বলেছেন, আলোচনা চলাকালে হামলা বন্ধ রাখার কোনো বাধ্যবাধকতা নেই।
এদিকে হামাস অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা ভণ্ডুল করতেই ইসরায়েল হামলার মাত্রা বাড়িয়েছে। বোর্ড অব পিসের প্রধান দূত নিকোলে ম্লাদেনভ জানিয়েছেন, পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতাকারীরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
সূত্র: আল জাজিরা