স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২৬ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের দেওয়ানগঞ্জে গাছ চাপা পড়ে সমিরন বেগম (৯০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে দেওয়ানগঞ্জ পৌর শহরের ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সমিরন বেগম একই এলাকার মৃত গোলাপ আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন সমিরন বেগম। এ সময় কোনো ঝড় বা বাতাস ছাড়াই হঠাৎ একটি গাছ উপড়ে গিয়ে ওই বৃদ্ধার উপর ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আকস্মিক দুর্ঘটনায় বৃদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজন ও স্থানীয়রা হতবাক।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গাছ পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।