ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৭ অগাস্ট, ২০২৬ ১৪:৫৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

সোমবার ১৭ আগস্ট তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ ৮ হাজার ৯৭৫ জন বাস্তুচ্যুত মানুষকে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তবে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের প্রত্যাবাসন কার্যকর হবে না।

 

মিয়ানমারের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

নিরাপত্তা, নাগরিকত্ব ও মৌলিক অধিকারের নিশ্চয়তা না থাকায় এর আগে একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি।

 

 

 

এর সঙ্গে নতুন করে জটিলতা তৈরি করেছে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যকার চলমান সশস্ত্র সংঘাত।

রাখাইনের বিভিন্ন এলাকায় সংঘাত অব্যাহত থাকায় সেখানে রোহিঙ্গাদের নিরাপদে ফেরত পাঠানোর পরিবেশ তৈরি হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে ব্যাপক সহিংসতা ও নির্যাতনের মুখে বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর কয়েক দফায় আরও রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে।

বাংলাদেশ শুরু থেকেই রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে অবস্থান নিয়ে আসছে। অন্যদিকে রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাওয়ার আগে নাগরিকত্বের স্বীকৃতি, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।

 

মিয়ানমারের পক্ষ থেকে প্রায় ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে স্বীকৃতি দেওয়াকে প্রত্যাবাসন আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হলেও নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হলে এর বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


   আরও সংবাদ