ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ অগাস্ট, ২০২৬ ১৫:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার
বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার বা অ্যাপয়েন্টমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে অভিবাসন কঠোর করতে মার্কিন সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র মঙ্গলবার জানান, তারা বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে একটি বৈশ্বিক প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছেন এবং এই প্রশিক্ষণের জন্যই ভিসা সেবার অ্যাপয়েন্টমেন্টগুলোতে পরিবর্তন আনা হচ্ছে।
ট্রাম্প একটি কঠোর নির্বাসন অভিযান ও অভিবাসন দমন নীতি গ্রহণ করেছেন, যার মধ্যে রয়েছে– ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা এবং রাজনৈতিক মতাদর্শ কিংবা মার্কিন মিত্র ইসরায়েলের গাজা আক্রমণের বিরুদ্ধে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের মতো নানা কারণে আবেদন প্রত্যাখ্যান।
তিনি বলেছেন, এই দমন অভিযানের উদ্দেশ্য হলো অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নত করা।
আরও পড়ুন
ইয়েমেনে সরকারি বাহিনীর হামলায় ১৪ হুথি যোদ্ধা নিহত
ইয়েমেনে সরকারি বাহিনীর হামলায় ১৪ হুথি যোদ্ধা নিহত
এই দমন অভিযান কিছু আইনি বাধার মুখেও পড়েছে।
একজন মার্কিন বিচারক গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের এমন একটি নীতি বাতিল করেছেন, যার মাধ্যমে ৭৫টি দেশের আবেদনকারীদের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করা হয়েছিল। বিচারক বলেছেন, ওই নীতিটি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আইনগত ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে।
পররাষ্ট্র দপ্তর প্রশিক্ষণ এবং এর সময়সীমা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো বিবরণ না দিয়ে জানিয়েছে, এই প্রশিক্ষণের লক্ষ্য কনস্যুলার কর্মকর্তাদের এমন আবেদনকারীদের বাদ দিতে সাহায্য করা যাদের মার্কিন সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে বলে বিবেচনা করা হয় এবং ভিসা আবেদনকারীদের মূল্যায়ন ‘সমন্বিত ও সুসংগতভাবে’ নিশ্চিত করা।
ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করার বিষয়টি এর আগে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উঠে এসেছিল। তারা জানিয়েছিল, মার্কিন দূতাবাস ও কনস্যুলেটে যাদের নির্ধারিত সাক্ষাৎকার ছিল সেই সব অভিবাসী ভিসা আবেদনকারীরা ই-মেইল পেয়েছেন যে, তাদের অ্যাপয়েন্টমেন্টের সময় পরিবর্তন করা হচ্ছে এবং তারা পরবর্তীতে নতুন তারিখের নোটিশ পাবেন।
সূত্র: রয়টার্স