স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অগাস্ট, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার
আসন্ন ঘরোয়া ফুটবল মৌসুমকে সামনে রেখে শক্তিশালী স্কোয়াড গড়তে জোর প্রস্তুতি শুরু করেছে ফর্টিস ফুটবল ক্লাব।
দলবদলের বাজারে নতুন চমক হিসেবে এবার জাপানের অ্যাটাকিং মিডফিল্ডার নোরিকি আকাদাকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
ফর্টিস ম্যানেজমেন্ট জানিয়েছে, ২০২৬-২৭ মৌসুমজুড়ে ক্লাবটির জার্সিতেই মাঠ মাতাবেন এই জাপানি মিডফিল্ডার। ইতোমধ্যে দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন হয়েছে।
নতুন মৌসুমে শিরোপা ও লিগের শীর্ষস্থান দখলের লড়াইয়ে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়তে মাঝমাঠের শক্তি বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে ফর্টিস। নোরিকির গতি, বল নিয়ন্ত্রণ এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরির দক্ষতাই মূলত ক্লাবটির নজর কেড়েছে।
তার অন্তর্ভুক্তিতে দলের মাঝমাঠে আরও ভারসাম্য ও সৃজনশীলতা যোগ হবে বলে প্রত্যাশা টিম ম্যানেজমেন্টের।
ফর্টিসের স্কোয়াডে অবশ্য নোরিকিই প্রথম জাপানি ফুটবলার নন।
এর আগে জাপানের উইঙ্গার সুকি ইতোফুসাকেও দলে ভিড়িয়েছে ক্লাবটি। তবে সুকির ক্ষেত্রে রয়েছে ভিন্ন সমীকরণ। বিদেশি কোটায় নয়, বাংলাদেশি ফুটবলার হিসেবেই ঘরোয়া ফুটবলে খেলবেন তিনি। ইতোমধ্যে বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে বায়োমেট্রিক সম্পন্ন করেছেন সুকি। নাগরিকত্বসংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে বাংলাদেশি ফুটবলার হিসেবেই ঘরোয়া ফুটবলে মাঠে নামতে পারবেন তিনি।
সব মিলিয়ে নতুন মৌসুমের আগে জাপানি ফুটবলারদের ওপর আস্থা রেখেই নিজেদের আক্রমণভাগ ও মাঝমাঠের শক্তি বাড়ানোর পরিকল্পনা করছে ফর্টিস। নোরিকি ও সুকির অন্তর্ভুক্তি নতুন মৌসুমে দলটির খেলার ধরনে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।