ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:২৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৭ বার
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মো. জাকারিয়া (৩৩) নামের আরও একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুর সরদার গলিতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত ইমরানের মাথায় গুলি লেগেছিল।
আর জাকারিয়ার বাম পায়ে ও ডান হাতে গুলি লেগেছে। গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়ে রাত ১২টার দিকে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
জাকারিয়া ঢামেকে চিকিৎসাধীন আছেন।
গুলিবিদ্ধ জাকারিয়া হাসপাতালে সাংবাদিকদের বলেন, ৬/৭ জন হেলমেট পরা ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এ সময় দুর্বৃত্তদের ‘ইমরান, দৌড় দিবি না’ বলে চিৎকার দিতে শোনা গেছে।
নিহত ইমরানের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, কী কারণে এ ঘটনা ঘটেছে এবং কারা গুলি করেছে, তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।