ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার
দেশের পোশাকশিল্পের টেকসই বিকাশ, জ্বালানি নিরাপত্তা ও নীতিগত সমন্বয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ছয় দফা প্রস্তাব উপস্থাপন করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সংগঠনটির সভাপতি মোহাম্মদ হাতেম এ তথ্য জানান।
বিকেএমইএ সভাপতির স্বাক্ষরিত এক চিঠিতে এসব প্রস্তাব তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন

উপজেলা পর্যায়ের নতুন ব্যবসায় তরুণদের দেওয়া হবে ২০ লাখ টাকা
সংগঠনটির উত্থাপিত ছয় দফা প্রস্তাব হলো—
১. উচ্চপর্যায়ের সমন্বয় কমিটি গঠন
পোশাকশিল্পের টেকসই বিকাশ ও নীতিগত সমন্বয় নিশ্চিত করতে অর্থ, বাণিজ্য ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান এবং এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বিইএফের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।
কমিটিটি মাসিক বা ত্রৈমাসিক ভিত্তিতে সভা করে শিল্প খাতের সমস্যা ও নীতিগত বিষয় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।
২. বাস্তবসম্মত ফায়ার কোড প্রণয়ন
দেশের বর্তমান অবকাঠামো ও আর্থসামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর ও সবার কাছে গ্রহণযোগ্য একটি ফায়ার কোড প্রণয়নের দাবি জানানো হয়েছে।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের ফায়ার কোড অনুসরণ করা হচ্ছে, যা বাংলাদেশের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছে বিকেএমইএ।
৩. জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান
শিল্পকারখানা সচল রাখা ও নতুন বিনিয়োগ নিশ্চিত করতে গ্যাস ও বিদ্যুৎসহ সার্বিক জ্বালানি সরবরাহের জন্য একটি দীর্ঘমেয়াদি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।
এতে বিদ্যমান চাহিদার পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাব্য নতুন বিনিয়োগ ও শিল্পাঞ্চলের সম্প্রসারণকে বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
৪. অংশীজনদের সঙ্গে আলোচনার মাধ্যমে নীতিমালা প্রণয়ন
নতুন কোনো নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট খাতের বাস্তব পরিস্থিতি, আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশ ও বাস্তবায়ন সক্ষমতা বিবেচনায় নিয়ে অংশীজনদের (স্টেকহোল্ডার) সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন নীতি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্টদের প্রস্তুতির জন্য যুক্তিসঙ্গত সময় দেওয়ার দাবি জানানো হয়েছে।
৫. এনবিআরের সেবা ডিজিটালাইজেশন
ব্যবসা-বাণিজ্যে সময়, ব্যয় ও জটিলতা কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব, বন্ড, কাস্টমস, ভ্যাট ও আয়করসংক্রান্ত সেবাকে পুরোনো ধ্যান-ধারণা থেকে বের করে সত্যিকার অর্থে ডিজিটালাইজেশনের আওতায় আনার তাগিদ দেওয়া হয়েছে।
৬. বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের সময়োপযোগী সংশোধন
দেশের বিদ্যমান অবকাঠামো, শিল্পের সক্ষমতা এবং অগ্নি ও ভবন নিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) সময়োপযোগী সংশোধন ও কার্যকর বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার প্রস্তাব করা হয়েছে।