ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯ বার
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ৫২ জন, লালবাগ বিভাগ ৪৩, ওয়ারী বিভাগ ৫৭, মতিঝিল বিভাগ ৬৩, তেজগাঁও বিভাগ ৭৯, মিরপুর বিভাগ ১৪৬, গুলশান বিভাগ ৪১, উত্তরা বিভাগ ৪৫ এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানায়, অভিযানে বিভিন্ন ধরনের আলামত ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম ঝুট কাপড়, ২৫০ গ্রাম পেট্রোল, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা, ১০ টুকরা কসটেপ, ১০৪টি পেরেক এবং বিস্ফোরিত ককটেলের একটি টিনের অংশ বিশেষ।
এ ছাড়া অভিযানে ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অন্যান্য আলামতের মধ্যে রয়েছে একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাচি, একটি কাটার, ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি, ১৪টি মোবাইল ফোন, দুটি ইয়াবা তৈরির মেশিন, বিভিন্ন ধরনের দুই হাজার ৬০০ গ্রাম রাসায়নিক, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং, ৩৫০টি খালি বোতল এবং ইয়াবা তৈরির মিশ্রিত উপাদান এক হাজার ৫০০ গ্রাম।
এ সময় দুজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।