ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৪০ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের আরেকটি ইউনিট

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহেই আলাদা ‘সাইবার সিকিউরিটি ইউনিট’ গঠনের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদমর্যাদার একজন কর্মকর্তার নেতৃত্বে নতুন এ ইউনিট পরিচালিত হবে।

পুলিশ সদর দপ্তরে এ পদ না থাকলে তা নতুন করে সৃষ্টি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) পুলিশ সপ্তাহ ২০২৬-এর ‘পুলিশ পদক প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সাইবার সিকিউরিটি ইউনিটের শাখা মেট্রো, ডিভিশন ও ডিস্ট্রিক্ট পর্যায়ে থাকবে। থানা ও জেলা পর্যায়ে ইউনিটের আধুনিক যন্ত্রপাতি থাকবে।

বড় আকারের ফরেনসিক ল্যাব ও প্রয়োজনীয় অন্যান্য সাপোর্ট হেডকোয়ার্টার ও ডিভিশন পর্যায়ে রাখা হবে।

 

তিনি বলেন, প্রকল্প প্রণয়নের জন্য গত কয়েক সপ্তাহ আগে নির্দেশ দিয়েছি।

যেগুলো জটিল হবে, সেগুলো কেন্দ্রে আসবে। যেগুলো থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে অ্যানালাইসিস করা সম্ভব, সেগুলো সেখানেই হবে।

 

সালাহউদ্দিন আহমদ বলেন, সাইবার স্পেসকে কেন্দ্র করে যেসব অপরাধ হচ্ছে, তা আধুনিক অপরাধপ্রবণতার একটি বৈশিষ্ট্য। কোনো কোনো রাষ্ট্রে ৪৪ শতাংশ পর্যন্ত অপরাধ সাইবার বা স্ক্যামভিত্তিক হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সে জন্য এটা আমাদের গুরুত্ব দিতে হচ্ছে।

এ সময় পুলিশের কিছু সদস্য এখনো ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হয়ে যোগাযোগ রাখছেন এবং নানা ধরনের সংবাদ দিচ্ছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ধরনের কার্যক্রমে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ