ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অতিরিক্ত সেনা-যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৫ অক্টোবর, ২০২৬ ০৯:৫০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬০ বার


অতিরিক্ত সেনা-যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে ইসরায়েলে অতিরিক্ত সেনা ও সামরিক বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশটিতে প্রায় ৩ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

তাদের পাশাপাশি আগামী কয়েক সপ্তাহে আরও সেনা ও যুদ্ধবিমান পাঠানো হতে পারে।

 

সোমবার (৫ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়ালার বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ওয়ালার প্রতিবেদনে বেনামি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলে থাকা মার্কিন সেনারা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা, পাইলট ও সহায়তা দলের সদস্য হিসেবে কাজ করছেন। এ ছাড়া রসদ সরবরাহ এবং সামরিক সদর দপ্তরের বিভিন্ন দায়িত্বেও তারা নিয়োজিত রয়েছেন।

 

ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নিয়মিত সেনা আবর্তনের অংশ হিসেবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিভিন্ন ইউনিটের মোতায়েন ও পরিবর্তন চলছে। এর ধারাবাহিকতায় আগামী কয়েক সপ্তাহে ইসরায়েলে অতিরিক্ত সেনা ও সামরিক বিমান পৌঁছানোর কথা রয়েছে।

সম্ভাব্য আঞ্চলিক সংঘাত মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবেই এই তৎপরতা বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

 

ইসরায়েলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, প্রতিপক্ষরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সংঘাত সরাসরি না বাড়িয়ে কীভাবে পরিস্থিতি অস্থিতিশীল করা যায়, তা তারা মূল্যায়ন করছে বলেও জানান তিনি।

ওই কর্মকর্তা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘তারা বোঝে যে এবার ইসরায়েলের প্রতিক্রিয়া অত্যন্ত আক্রমণাত্মক হবে।’

এদিকে ইরানের সঙ্গে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা বা পরিস্থিতির দ্রুত অবনতির আশঙ্কায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেনটকম) সঙ্গে সামরিক সমন্বয় অব্যাহত রেখেছে ইসরায়েল।

 

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি


   আরও সংবাদ