ঢাকা, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬ ১৭:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা

যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফেরাতে নিজেদের অবস্থান ও শর্ত স্পষ্ট করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নিয়ে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছে তেহরান।

 

বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এসব তথ্য জানান। তিনি বলেন, যুদ্ধ বন্ধ এবং পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে ইরানের শর্ত ও অবস্থান স্পষ্টভাবে জানানো হয়েছে।

অন্য পক্ষের প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় জবাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া হবে।

 

বাঘেই বলেন, ইরান ও ওমানের মধ্যে পরামর্শ ও আলোচনা ভালোভাবে এগিয়েছে।

দুই দেশ হরমুজ প্রণালিতে জাহাজের নিরাপদ প্রবেশ ও বের হওয়ার পথের ভৌগোলিক সীমারেখা নিয়েও একমত হয়েছে।

 

এ ছাড়া এই সমঝোতার বিষয়টি সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থার কাছে কীভাবে উপস্থাপন করা হবে, সে বিষয়েও দুই দেশের মধ্যে বোঝাপড়া হয়েছে বলে জানান ইরানি এই কর্মকর্তা।

শিগগিরই আন্তর্জাতিক সংস্থার কাছে বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

 

ইরানের বক্তব্য এমন সময়ে এলো, যখন হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য রয়েছে। সাম্প্রতিক সময়ে এই গুরুত্বপূর্ণ নৌপথ ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারেও উদ্বেগ তৈরি করেছে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ এই পথ ব্যবহার করে। ফলে প্রণালিতে নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের এই সমঝোতা আঞ্চলিক নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্যও গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, হরমুজ প্রণালি নিয়ে যেকোনো সমঝোতায় তেহরানের স্বার্থ ও নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রাখতে হবে। ইরান ও ওমানের মধ্যে প্রণালির ভবিষ্যৎ নৌ চলাচল নিয়ে আলোচনা চলার বিষয়টিও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উঠে এসেছে।

তথ্যসূত্র: মেহের নিউজ


   আরও সংবাদ