আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর, ২০২৬ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার
গির্জায় বন্দুকধারীদের হামলায় প্রাণহানির জেরে সিরিয়ায় বিমান হামলা চালিয়েছে জর্ডানের সামরিক বাহিনী।
সোমবারের (২৬ অক্টোবর) এ হামলায় নারী ও কয়েকটি শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন।
জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, গত সপ্তাহে দেশটির কারাক গভর্নরেটে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় নয়জন নিহত এবং অনেকে আহত হন। এর জবাবেই সোমবার এ হামলা চালানো হয়।
জর্ডানের দাবি, হামলার লক্ষ্য ছিল সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর আস্তানা, যাদের সঙ্গে গির্জায় হামলাকারীদের সংশ্লিষ্টতা রয়েছে।
জর্ডানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, সোমবারের হামলায় এসব গোষ্ঠীর অনেক সদস্য নিহত ও আহত হয়েছেন।
এ ছাড়া তাদের বেশ কয়েকটি যানবাহন ধ্বংস হয়েছে।
জর্ডান জানিয়েছে, সিরিয়ার সরকারের সঙ্গে সমন্বয় করেই এ অভিযান চালানো হয়েছে।
যদিও সিরিয়া এ দাবি অস্বীকার করেছে। তবে কোন কোন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিংবা হামলার সুনির্দিষ্ট স্থান কোথায়, তা জানায়নি জর্ডান।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, জর্ডানের একটি হামলায় একই পরিবারের তিনটি শিশু, এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।
এ ছাড়া অন্য দুটি হামলায় দুজন নিহত হয়েছেন, যাদের বয়স ৬০ ও ৮০ বছর।
সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা ও সুয়াইদা প্রদেশে জর্ডানের হামলাগুলো চালানো হয়।
সিরিয়ার সরকার এ হামলার ঘটনায় তদন্ত শুরু করেছে। এক বিবৃতিতে সীমান্তবর্তী এলাকায় ‘যৌথভাবে মাঠপর্যায়ে ও নিরাপত্তা বিষয়ে সমন্বয়ের’ গুরুত্ব তুলে ধরেছে দেশটি।
হামলার পর দুই দেশের সংযোগকারী নাসিব সীমান্ত ক্রসিং বন্ধ রেখেছে সিরিয়া।
সূত্র: আলজাজিরা