ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ ০৯:৪৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

 

 

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর ফার্মগেট ও মিরপুরে দুটি এবং গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পোস্তগোলায় একটি রিকশাভ্যানেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

এ ছাড়া রাজধানীর অন্তত পাঁচটি স্থানে এবং মানিকগঞ্জে চারটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

ওই সময় বাসে চালক, সহকারী বা যাত্রী কেউ ছিলেন না। ফলে হতাহতের ঘটনা ঘটেনি।

সন্ধ্যার পর মিরপুরেও আরেকটি বাসে আগুন দেওয়া হয়।

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে বলেন, বাসটিতে কীভাবে আগুন দেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সন্ধ্যা পৌনে ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে সোমবার দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত দুটি বাসে আগুন দেওয়া হয়। কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সকাল সোয়া ৬টার দিকে বনশ্রীর জি-ব্লকে একটি ককটেল বিস্ফোরিত হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার ও রবিন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

সকাল ৬টার দিকে মহাখালীর আমতলীতে উড়ালসড়কের ওপর থেকে একটি ককটেল ছোড়া হয়।

বনানী থানার ওসি মো. সালাহউদ্দীন জানান, মোটরসাইকেলে আসা দুই যুবক উড়ালসড়ক থেকে ককটেলটি ছুড়ে মারেন। সেটি বিস্ফোরিত হলেও কেউ হতাহত হননি।

সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। তারা হলেন মো. ফয়সাল ও সুকুমার হালদার। তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেলও পাওয়া গেছে।

সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা হলেন জাবির সালেহীন দিপু ও আব্দুল্লাহ আল জোবায়ের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, আটক একজনের ব্যাগে ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। তবে সেগুলোতে মারাত্মক কোনো বিস্ফোরক উপাদান ছিল না।

এ ছাড়া সন্ধ্যায় মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। এ সময় ফটকের পাশে থাকা কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

সন্ধ্যা ৮টা ৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন কাজী টাওয়ারের কাছে ধোলাইপাড় থেকে আসা মূল সড়কের মাঝ বরাবর ফ্লাইওভারের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে মালিবাগ মোড়ে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মোটরসাইকেল থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায়ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে নিক্ষেপ করা ককটেলটি শান্তিনগর ফ্লাইওভারের ঢালের পাশে বিস্ফোরিত হয়।

রাত সোয়া ১২টার দিকে মগবাজার মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, মগবাজার মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রাতে মিরপুরের দারুস সালাম থানাধীন টেকনিক্যাল মোড়ের ট্রাফিক বক্সের দক্ষিণ পাশে সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। কাফরুল থানার সামনে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করে পালিয়ে যান।

এ ছাড়া মালিবাগের পদ্মা সিনেমা হলের সামনে, গুলশানের চেকপোস্ট, সায়েন্স ল্যাব মোড়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এবং বনানী পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঢাকার বাইরেও বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজ, পাসপোর্ট অফিস এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটক এলাকাসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এ ছাড়া গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি এবং বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

একই দিন সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে।


   আরও সংবাদ