ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

২০০৩ সালের পর যুক্তরাষ্ট্রে ইরাকের তেল রপ্তানি তলানিতে

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬ ১৪:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ২১ বার


২০০৩ সালের পর যুক্তরাষ্ট্রে ইরাকের তেল রপ্তানি তলানিতে

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি গত দুই দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের সময়ের পর থেকে এবারই প্রথম যুক্তরাষ্ট্রে ইরাকের তেল রপ্তানি তলানিতে ঠেকেছে।

 

 

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) তথ্য অনুযায়ী, হরমুজ সংকটের কারণে ইরাক থেকে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ কমেছে। হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেলের উৎপাদন কমাতে বাধ্য হয় ওপেকের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরাক।

যুক্তরাষ্ট্রের আমদানিতেও এর প্রভাব পড়ে।

 

গত মার্চ থেকে ইরাকের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে।

জুলাই ও আগস্টে টানা ছয় সপ্তাহ ইরাক থেকে তেল আমদানি বন্ধ রাখে যুক্তরাষ্ট্র।
ইরাকের অপরিশোধিত তেল রপ্তানির প্রধান পথ হরমুজ প্রণালি।

যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি দিয়ে ইরাক প্রতিদিন ৩০ লাখ ব্যারেলের বেশি তেল রপ্তানি করত।

 

ইআইএর তথ্য অনুযায়ী, মাসভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্রে ইরাকের তেল রপ্তানি জানুয়ারিতে এক কোটি ব্যারেলের বেশি ছিল। জুনে তা কমে দাঁড়ায় মাত্র পাঁচ লাখ চার হাজার ব্যারেল। পরে জুলাইয়ে তা বেড়ে ১৪ লাখ ৮৬ হাজার ব্যারেল হয় এবং আগস্টে ১৩ লাখ ৮৭ হাজার ব্যারেলে পৌঁছে।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরাকের তেল রপ্তানি আবার বাড়তে শুরু করেছে। তুরস্কের ভূমধ্যসাগরীয় বন্দর জেইহান দিয়ে অপরিশোধিত তেল রপ্তানি বাড়িয়েছে ইরাক।

প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল তেল রপ্তানি করছে দেশটি। ইরান যুদ্ধের শুরুর দিকে ইরাকের দক্ষিণাঞ্চলীয় তেলক্ষেত্রগুলো থেকে উৎপাদন ৭০ শতাংশ কমে দাঁড়ায় ১৩ লাখ ব্যারেলে। যুদ্ধ শুরুর আগে দেশটির দৈনিক গড় উৎপাদন ছিল ৪৩ লাখ ব্যারেল। 

সূত্র: অয়েল প্রাইস ডটকম


   আরও সংবাদ