ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬ ০৯:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও মাসজুড়ে আলাদা কর্মসূচি পালন করবে।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরে বিএনপি এবং এর তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় দুই ঘণ্টার বৈঠকে ওই বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলটির ৫ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালামসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিজ নিজ উদ্যোগে কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান।
তবে এসব কর্মসূচি কোনো রাজনৈতিক দল বা পক্ষের পাল্টা কর্মসূচি হিসেবে নেওয়া হবে না। একইভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে অন্য দলের কর্মসূচি প্রতিরোধের মতো উদ্যোগ থেকেও বিরত থাকবে বিএনপি।
বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।
বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা জানান, ডিসেম্বরজুড়ে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন পৃথকভাবে নিজেদের কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল ও সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে চায়। বিশেষ করে বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের রাজপথে সক্রিয় রাখা এবং সাংগঠনিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই নিজেদের কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিল বিএনপি।