ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৬ ০৯:৩২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৮ বার


অনুমোদনহীন আবাসন প্রকল্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি

ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাচল নতুন শহর ও তৎসংলগ্ন এলাকায় অনুমোদনহীন ও অবৈধ আবাসন প্রকল্পের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (বিএলডিএ)।

সংগঠনের সচিব এ কে এম নওশেরুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, পূর্বাচল ও আশপাশের এলাকায় একশ্রেণির অসাধু আবাসন ব্যবসায়ী রাজউকের অনুমোদন, ছাড়পত্র কিংবা আইনগত বৈধতা ছাড়াই ল্যান্ড প্রজেক্টের নামে ব্যবসা পরিচালনা করছে। এসব প্রতিষ্ঠান সাইনবোর্ড স্থাপন, বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লট বিক্রির নামে প্রতারণা করছে।

 

বিএলডিএ বলছে, এসব কর্মকাণ্ড প্রচলিত আইন ও বিধিবিধানের লঙ্ঘন। এর ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

পাশাপাশি পূর্বাচলের পরিকল্পিত মাস্টারপ্ল্যান, ভূমি ব্যবহার, জলাশয়, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, বৈধ অনুমোদন নিয়ে আবাসন ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো নিয়মকানুন মেনে চললেও অবৈধ প্রতিষ্ঠানগুলো কোনো ধরনের জবাবদিহি ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

এতে বৈধ আবাসন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

 

জনস্বার্থ রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা ও পরিকল্পিত নগরায়ণের স্বার্থে পাঁচ দফা দাবি জানিয়েছে বিএলডিএ। দাবিগুলো হলো-

১. পূর্বাচল ও তৎসংলগ্ন এলাকায় পরিচালিত সব ল্যান্ড প্রজেক্টের অনুমোদন ও আইনগত বৈধতা যাচাইয়ে দ্রুত সরেজমিন তদন্ত করা।

২. রাজউকের অনুমোদনবিহীন প্রকল্পের প্লট বিক্রি, বুকিং, বিজ্ঞাপন ও প্রচার-প্রচারণাসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করা।

৩. অবৈধ প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতারক চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া।

৪. অবৈধ প্রকল্পের সাইনবোর্ড, বিজ্ঞাপন ও অন্যান্য প্রচারণামূলক উপকরণ অপসারণ এবং এ ধরনের কার্যক্রম প্রতিরোধে কার্যকর নজরদারি নিশ্চিত করা।

৫. ভবিষ্যতে রাজউকের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান যাতে প্রকল্প পরিচালনা বা প্লট বিক্রি করতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া।

বিবৃতিতে আরও বলা হয়, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা নেওয়া জরুরি। এ ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য অবৈধ ব্যবসায়ীদের উৎসাহিত করবে এবং সাধারণ ক্রেতা ও বৈধ আবাসন শিল্পের ক্ষতি করবে।


   আরও সংবাদ