আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর, ২০২৬ ২০:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার
অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা পিছিয়ে পড়া, রুপির দরপতন এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মধ্যেও এশিয়ায় নিজেদের প্রভাব বাড়িয়েছে ভারত। কূটনীতি, প্রতিরক্ষা সহযোগিতা, সাংস্কৃতিক প্রভাব ও আঞ্চলিক নেতৃত্বে অগ্রগতির ফলে ২০২৬ সালে এশিয়ার শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছে দেশটি।
চীনের সঙ্গে শক্তির ব্যবধানও ২০১৮ সালের পর এবারই সবচেয়ে কমে এসেছে। তবে সামগ্রিক শক্তির বিচারে এখনো ভারতের চেয়ে ৮০ শতাংশ এগিয়ে রয়েছে চীন।
অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোই ইনস্টিটিউটের ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে এসব তথ্য উঠে এসেছে। সূচকে ভারতের মোট স্কোর দাঁড়িয়েছে ৪০ দশমিক ৫ পয়েন্টে।
২০১৮ সালে এই সূচক চালুর পর এবারই এশিয়ার দুই বৃহৎ শক্তি চীন ও ভারতের মধ্যে ব্যবধান সবচেয়ে কম হয়েছে।
অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে অবশ্য ভারতের অগ্রগতি কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।
এ সূচকে দেশটির স্কোর কমে ২৬ দশমিক ৪ পয়েন্ট হয়েছে। তবে তৃতীয় অবস্থান ধরে রেখেছে ভারত। রুপির দরপতন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থনীতি পরিমাপের পদ্ধতিতে পরিবর্তনের কারণে বিশ্ব অর্থনীতিতে ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অবস্থান দুর্বল হয়েছে। এ ছাড়া বিদেশে ভারতের বিনিয়োগও প্রায় ২০ বিলিয়ন ডলার কমেছে।
তবে ভবিষ্যৎ অর্থনৈতিক সম্ভাবনার চিত্র কিছুটা আশাব্যঞ্জক। অর্থনৈতিক পূর্বাভাস ভালো হওয়ায় ভবিষ্যৎ সম্পদের সূচকে ভারতের স্কোর বেড়ে ৫৬ দশমিক ২ পয়েন্ট হয়েছে। অর্থাৎ বর্তমান অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও ভবিষ্যতে দেশটির অর্থনৈতিক শক্তি বাড়ার সম্ভাবনা দেখছেন সূচক প্রণেতারা।
কূটনীতি ও আঞ্চলিক নেতৃত্বে এগিয়ে ভারত
কূটনৈতিক প্রভাবের ক্ষেত্রে ভারতের অবস্থান তুলনামূলক শক্তিশালী। ২০২৬ সালে এশিয়ার বেশির ভাগ দেশের কূটনৈতিক প্রভাব কমলেও ভারত নিজের অবস্থান ধরে রেখেছে। এ ক্ষেত্রে দেশটির স্কোর সামান্য কমে ৭০ দশমিক ৩ পয়েন্ট হয়েছে।
আঞ্চলিক নেতৃত্বের ক্ষেত্রেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবস্থানের উন্নতি হয়েছে। বিশেষজ্ঞদের মূল্যায়নে তার অবস্থান তিন ধাপ এগিয়েছে। বর্তমানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের পর মোদিকে এশিয়ার দ্বিতীয় সবচেয়ে কার্যকর আঞ্চলিক নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তবে আন্তর্জাতিক অঙ্গনে মোদির নেতৃত্ব ও ভারতের কৌশলগত ভূমিকার মূল্যায়নে কিছুটা অবনতি হয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সংঘাতের সময় ভারতের কূটনৈতিক তৎপরতা তুলনামূলক কম ছিল।
এর উদাহরণ হিসেবে ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনা উল্লেখ করা হয়েছে। ভারতের আয়োজিত একটি সামরিক মহড়ায় অংশ নেওয়ার পর দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্রের একটি ডুবোজাহাজের হামলায় জাহাজটি ডুবে যায়। এ ঘটনায় ভারতের প্রতিক্রিয়া ছিল খুবই সীমিত।
বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় অগ্রগতি
অর্থনীতি ও কূটনীতিতে মিশ্র ফল থাকলেও আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে ভারতের অবস্থান শক্তিশালী হয়েছে। অর্থনৈতিক সম্পর্কের সূচকে যেসব দেশের স্কোর কমেনি, ভারত তাদের মধ্যে অন্যতম পাঁচটি দেশ। এ ক্ষেত্রে দুই ধাপ এগিয়ে সপ্তম অবস্থানে উঠেছে দেশটি।
প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে ভারতের। দেশটির প্রতিরক্ষা নেটওয়ার্কের স্কোর বেড়ে ১৮ দশমিক ৬ পয়েন্ট হয়েছে। আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর কাছে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র বিক্রির কারণে এ ক্ষেত্রে ভারতের অবস্থান দুই ধাপ এগিয়ে নবম হয়েছে।
সাংস্কৃতিক প্রভাবেও ভারতের অগ্রগতি লক্ষ করা গেছে। এ বছর এ সূচকে দেশটির স্কোর বেড়ে ৪৩ দশমিক ৮ পয়েন্ট হয়েছে। সংস্কৃতির মাধ্যমে নিজেদের পরিচিতি তুলে ধরা, তথ্য আদান-প্রদান এবং বিভিন্ন দেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধিকে এ উন্নতির কারণ হিসেবে দেখা হয়েছে।
শক্তির ব্যবধান কমছে ভারতের
এসব অগ্রগতির ফলে ২০২৩ সালের পর প্রথমবারের মতো ভারতের ‘পাওয়ার ইয়েল্ড’ বা শক্তি অর্জনের সক্ষমতার সূচকে উন্নতি হয়েছে। একটি দেশের হাতে থাকা সম্পদ ও সামর্থ্য অনুযায়ী যতটা শক্তিশালী হওয়ার কথা, বাস্তবে দেশটি সেই সম্ভাবনার কতটা কাজে লাগাতে পারছে, তা বোঝাতে এ ধারণা ব্যবহার করা হয়।
এ ছাড়া ভবিষ্যৎ সম্পদের সূচকেও ভারতের স্কোর বেড়েছে। অর্থাৎ অর্থনৈতিক সক্ষমতায় কিছুটা দুর্বলতা থাকলেও সামরিক, কূটনৈতিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক প্রভাবের মতো বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে এশিয়ায় নিজেদের অবস্থান আরও শক্ত করছে দেশটি।
লোই ইনস্টিটিউটের এই মূল্যায়ন বলছে, চীনের সঙ্গে শক্তির ব্যবধান এখনো অনেক বেশি হলেও এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রভাব ক্রমেই বাড়ছে।