ঢাকা, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জাজিরায় নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৬ ১৪:২০ অপরাহ্ন | দেখা হয়েছে ৩ বার


জাজিরায় নিষিদ্ধ আ.লীগের সঙ্গে বিএনপির সংঘর্ষ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর টোল প্লাজার কাছে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির সমাবেশস্থল ভাঙচুর ও ২০টি মোটরসাইলে অগ্নিসংযোগ করেন।

সংঘর্ষে ইব্রাহিম সিপাহী নামে যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন।

 

রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টার দিকে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এ তথ্য নিশ্চিত করেন।

এদিন ভোরে নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।

 

নিহত ইব্রাহিম সিপাহী শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের মধ্য সোনামুখী এলাকার হাফিজ উদ্দীন সিপাহীর ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর সাড়ে ৫টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী নাওডোবা এলাকার জমাদ্দার মোড়ে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এদিকে, তাদের কর্মসূচি প্রতিহত করতে শনিবার রাত থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান করছিলেন।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ককটেল বিস্ফোরণ চলে।

 

সংঘর্ষের একপর্যায়ে গুলিতে যুবলীগ কর্মী ইব্রাহিম সিপাহী নিহত হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় বিএনপির নেতাকর্মীদের কয়েকটি তাঁবুতে আগুন দেওয়া হয়। ২০ থেকে ২৫টি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। এ ছাড়া পদ্মা সেতুর সার্ভিস সড়কের পাশে থাকা ‘ফুড এক্সপ্রেস’ নামের একটি রেস্তোরাঁয় অগ্নিসংযোগ করা হয়। এতে রেস্তোরাঁর আসবাবপত্রসহ ভেতরের বিভিন্ন সামগ্রী পুড়ে যায়।

সংঘর্ষ ও বিস্ফোরণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। পরে তিনি বিএনপির নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল থেকে সরে যান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। তারা কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়ে ছেড়ে চলে যান। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাওডোবা এলাকায় যান। সকাল ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল শুরু হয়। বর্তমানে পদ্মা সেতু দিয়েও যান চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের কারণে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।

শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, লকডাউনকে কেন্দ্র করে যাতে এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতু দিয়ে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছিলেন। সকালে টোল প্লাজার কিছুটা দূরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। কয়েকটি মোটরসাইকেল ও একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়। কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।


   আরও সংবাদ