স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১৪:২৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল অংশ না নিলেও দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশে এই মেগা ইভেন্টটি কোন কোন মাধ্যমে দেখা যাবে, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে দেশের জনপ্রিয় দুই ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি। এছাড়া আন্তর্জাতিক বিপণন সংস্থা টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম) বাংলাদেশে এই টুর্নামেন্টের মূল সম্প্রচার অংশীদার হিসেবে কাজ করছে।
যারা মোবাইল বা ইন্টারনেটে খেলা দেখতে পছন্দ করেন, তাদের জন্য থাকছে ডিজিটাল প্ল্যাটফর্মের সুবিধা। জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইট র্যাবিটহোলবিডি-তে টুর্নামেন্টের সব ম্যাচ লাইভ স্ট্রিমিং করা হবে। ফলে টিভি সেটের সামনে না থাকলেও দর্শকরা স্মার্টফোনের মাধ্যমে খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করতে পারবেন।
আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০ দলের এই মহাযজ্ঞ।
এক মাসব্যাপী এই আসরে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি হবে ৮ মার্চ। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, তবে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে। অন্যথায় ফাইনাল আয়োজিত হবে ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা দ্বন্দ্বে বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।