ঢাকা, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আগুনে পুড়লো ৩ বসতঘর

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার


আগুনে পুড়লো ৩ বসতঘর

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তিনটি বসতঘর। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পূর্ব লক্ষীপাশা গ্রামে হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।  
বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আরিফ জানান, ঘটনাস্থলে যাওয়ার পর রাস্তা সরু হওয়ায় তাদের গাড়ি বাড়ির ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়নি।

ফলে পুকুরের পানি ব্যবহার করে আগুন নেভানোর কারণে কিছুটা দেরি হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনও জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, প্রথমে ওই বাড়ির মজিবুর হাওলাদারের ঘর থেকে আগুন লাগে এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে শাহআলম হাওলাদার ও হাসান হাওলাদারের ঘরে।
স্থানীয়রা চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব মালামাল আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুন লাগার পর দ্রুত ছড়িয়ে পড়ায় তারা পরনের কাপড় ছাড়া আর কিছুই বের করতে পারেননি।

 


   আরও সংবাদ