ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০৭ অপরাহ্ন | দেখা হয়েছে ১৭ বার


উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের মোট ৬টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। আর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে।

 

এছাড়া অন্য চারটি সিটি করপোরেশনেও নতুন প্রশাসক বসানো হয়েছে। এর মধ্যে খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মো. শওকত হোসেন সরকার।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক-এর উপধারা (১)-এর অনুবৃত্তিক্রমে তাদেরকে নিয়োগ প্রদান করা হয়েছে। সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

 

এতে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তারা বিধি মোতাবেক সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে সরকার কর্তৃক সদ্য নিয়োগপ্রাপ্ত সিটি করপোরেশনের প্রশাসকরা সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আসবেন বলে জানা গেছে।

 


   আরও সংবাদ