ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯ মে, ২০২৬ ১৪:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার
বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।
এর আগে সোমবার (১৮ মে) আগারগাঁওয়ের বিডা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ সহযোগিতা আরও গভীর করার বাস্তব উপায় নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূত লিস্টিয়াওয়াতি বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের অগ্রাধিকারকে এগিয়ে নিতে ইন্দোনেশিয়ার সরকারের সমর্থন জানান।
তিনি বাংলাদেশে ইন্দোনেশীয় বিনিয়োগকারীদের বাড়তে থাকা আস্থার কথাও উল্লেখ করেন।
এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়ার অন্যতম বড় রিটেইল চেইন Alfamart-এর সাম্প্রতিক বাংলাদেশে প্রবেশ। Alfamart ২০২৬ সালের শেষ নাগাদ ৫০টি আউটলেট চালুর পরিকল্পনা করছে।
দীর্ঘমেয়াদে আগামী ৫-১০ বছরে তারা ৫০০০-এর বেশি আউটলেটে সম্প্রসারণের লক্ষ্য নিয়েছে।
বৈঠকে কৃষি ও জ্বালানি খাতের সুযোগ নিয়ে আলোচনা হয়। এসব খাতে ইন্দোনেশিয়ার বড় বিনিয়োগকারীরা তাদের অভিজ্ঞতা, দক্ষতা এবং খাতভিত্তিক জ্ঞান বাংলাদেশে কাজে লাগাতে পারে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর যৌথ ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রাধিকার ক্ষেত্রগুলো তুলে ধরেন। এর মধ্যে সরকারি অব্যবহৃত সম্পদ পিপিপি অংশীদারিত্বের মাধ্যমে নতুনভাবে কাজে লাগানোর বিষয়টি বিশেষভাবে আলোচনায় আসে, যেখানে ইন্দোনেশিয়ার অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে পারে।