ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬ ১৬:০১ অপরাহ্ন | দেখা হয়েছে ২৭ বার
দেশজুড়ে ডিজিটাল ভূমিসেবা কার্যক্রমের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন পরিচালনা নিশ্চিত করতে ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস এবং ইউনিয়ন ভূমি অফিসের তথ্যপ্রযুক্তি অবকাঠামো শক্তিশালী করার এ উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।
সম্প্রতি এ বিষয়ে ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) বরাবর একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন অটোমেটেড ভূমিসেবা কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও কার্যকরভাবে পরিচালনার জন্য মাঠপর্যায়ের অফিসগুলোতে ব্যবহৃত কম্পিউটার, নেটওয়ার্ক ও অন্যান্য আইসিটি ডিভাইসের নিরাপত্তা এবং কর্মক্ষমতা বাড়ানো জরুরি।
নির্দেশনায় বলা হয়েছে, সব কম্পিউটারে লাইসেন্সপ্রাপ্ত ও সর্বশেষ সংস্করণের অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার এবং নিয়মিত আপডেট নিশ্চিত করতে হবে। সরকারি ওয়েবভিত্তিক সিস্টেম ব্যবহারে মাইক্রোসফট এজ, গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্সের সর্বশেষ সংস্করণের মতো নিরাপদ ব্রাউজার ব্যবহার করতে হবে এবং পুরোনো বা অনিরাপদ ব্রাউজার পরিহার করতে হবে।
এ ছাড়া কম্পিউটারের র্যাম, প্রসেসর ও স্টোরেজসহ হার্ডওয়্যারের সক্ষমতা পর্যালোচনা করে প্রয়োজন অনুযায়ী উন্নয়ন করতে হবে, যাতে সব অটোমেটেড ভূমিসেবা সফটওয়্যার নির্বিঘ্নে পরিচালিত হয়।
নেটওয়ার্ক নিরাপত্তার অংশ হিসেবে অফিসে ব্যবহৃত রাউটার, সুইচ ও ওয়াই-ফাই ডিভাইসের ফার্মওয়্যার নিয়মিত হালনাগাদ, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
সাইবার নিরাপত্তা জোরদারে অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার নিয়মিত আপডেট, অপ্রয়োজনীয় সফটওয়্যার অপসারণ, সন্দেহজনক ই-মেইল, লিংক ও ফাইল ব্যবহারে সতর্কতা এবং অনুমোদনহীন সফটওয়্যার ইনস্টল না করার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার এবং প্রয়োজনীয় ক্ষেত্রে মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, গুরুত্বপূর্ণ তথ্যের নিয়মিত ব্যাকআপ সংরক্ষণ ও ব্যাকআপের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অফিসে ব্যবহৃত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, রাউটারসহ সব আইসিটি যন্ত্রপাতির শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অননুমোদিত ব্যক্তির প্রবেশ ও ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে।
এ ছাড়া ইউএসবি ড্রাইভ বা অন্যান্য বহনযোগ্য স্টোরেজ ডিভাইস ব্যবহারের আগে ভাইরাস স্ক্যান নিশ্চিত করা, অজানা উৎসের ডিভাইস ব্যবহার থেকে বিরত থাকা, কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের কথা বলা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, অফিসে ব্যবহৃত সব ডিজিটাল ভূমিসেবা সিস্টেমের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। কোনো প্রযুক্তিগত বা নিরাপত্তাজনিত সমস্যা দেখা দিলে তা দ্রুত সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষকে জানাতে হবে।
ভূমি মন্ত্রণালয় চিঠিতে দেশের সব উপজেলা ভূমি অফিস, রাজস্ব সার্কেল অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে।