আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অগাস্ট, ২০২৬ ১৩:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ৮ বার
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে।
রোববার (৯ আগস্ট) রাতে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন করে আরও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, রাজ্যের ২৫টি জেলায় প্রায় ১১ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে দুই হাজারের বেশি ত্রাণ বিতরণকেন্দ্র চালু করা হয়েছে।
পাশাপাশি পুনর্বাসন কার্যক্রমও জোরদার করা হয়েছে।
রোববার থেকে বন্যাকবলিত জেলাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শুরু করেছে আসাম সরকার।
এতে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গবাদিপশু ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী ৩১ আগস্টের মধ্যে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গবাদিপশুসহ সব ধরনের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ নথি তৈরি করা হবে।
পুনর্বাসনের জন্য প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে কোনো পরিবারই বাদ পড়বে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
সূত্র: আনাদোলু এজেন্সি