স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ অগাস্ট, ২০২৬ ১৩:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ১০ বার
ফিফার টানা ১২টি নিষেধাজ্ঞা ঝুললেও অবশেষে সব শঙ্কা কাটিয়ে আসন্ন দলবদলে অংশগ্রহণের আভাস দিয়েছে দেশের ফুটবলের সফলতম ক্লাব বসুন্ধরা কিংস। ক্লাব সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী এক-দুদিনের মধ্যেই ক্লাবটি আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞামুক্ত হবে।
ফিফার নিষেধাজ্ঞা ও দলবদল নিয়ে প্রাথমিক অনিশ্চয়তার কারণে কিছু খেলোয়াড় অন্য ক্লাবে চলে গেলেও তপু বর্মন, রাকিব হোসেন, সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ, গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ ও মোহাম্মদ হৃদয়ের মতো দলের মূল ও অভিজ্ঞ খেলোয়াড়েরা কিংসের সাথেই থেকে গেছেন। ক্লাব ম্যানেজমেন্টের ওপর পূর্ণ আস্থা রেখে সিনিয়র ডিফেন্ডার তপু বর্মন স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন, আগামী সপ্তাহেই তারা নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করতে মাঠে নামবেন।
এছাড়া নতুন মৌসুমের জন্য আরও মানসম্মত দেশি ফুটবলারদের পাশাপাশি নতুন বিদেশি খেলোয়াড়দের সাথেও যোগাযোগ রাখছে ক্লাবটি।
এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, দলবদলের শেষ দিন পর্যন্ত ক্লাবগুলোর নিষেধাজ্ঞা কাটার জন্য অপেক্ষা করা হবে।
বসুন্ধরা কিংস, আবাহনী লিমিটেড এবং ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারলে আসন্ন প্রিমিয়ার লিগ মোট ১৩টি দল নিয়ে মাঠে গড়াবে।