আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার
পশ্চিম জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফেলিয়া রাজ্যের হুর্টগেনভাল্ড ও ডুরেন এলাকায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুনের কাছাকাছি এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এসব এলাকায় বসবাসরত বাংলাদেশিরাও নিরাপদ স্থানে সরে গেছেন। তবে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
জার্মানির পশ্চিমাঞ্চলে বেলজিয়াম সীমান্তের কাছে আইফেল অঞ্চলে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল থেকে দাবানল ছড়িয়ে পড়ে। শুক্রবার (১৪ আগস্ট) সেই আগুন ডুরেন জেলার হুর্টগেনভাল্ড পৌরসভার গেই এলাকাতেও ছড়িয়ে পড়ে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে জার্মান সেনাবাহিনীর বিমান ও ট্যাংক নামানো হয়েছে।
কোলন অঞ্চলে থাকা বাংলাদেশি বিজ্ঞানী ড. শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দাবানল মোকাবিলায় স্থানীয় প্রশাসন জরুরি ব্যবস্থা নিয়েছে।
শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আকাশে এখনো ধোঁয়া দেখা যাচ্ছে। হেলিকপ্টারে করে পানি ছিটানো হচ্ছে। বাতাসে ছাইয়ের পরিমাণ বেড়ে যাওয়ায় অনেক মানুষকে মূল শহরে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন এখনো শহর থেকে কয়েক কিলোমিটার দূরে রয়েছে। তবে প্রচণ্ড গরম ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। তাই পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
৩০০ হেক্টর বন পুড়ছে
ডুরেন কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন ইতোমধ্যে প্রায় ৩০০ হেক্টর বনভূমি পুড়িয়ে দিয়েছে। সকাল থেকে অগ্নিনির্বাপক বিমান ব্যবহার করা হচ্ছে। প্রায় ২০০ দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। দমকল বাহিনীর সঙ্গে জার্মান সেনাবাহিনী, টেকনিক্যাল রিলিফ সংস্থা ও রেড ক্রসের সদস্যরাও কাজ করছেন। পুলিশও পানির কামান দিয়ে আগুনের বিস্তার ঠেকানোর চেষ্টা করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। এছাড়া নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ায় শুক্রবার তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। দীর্ঘদিনের খরায় বনভূমি অত্যন্ত শুষ্ক হয়ে পড়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।
তবে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমে ২৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। এতে আগুনের তীব্রতা কিছুটা কমতে পারে বলে আশা করা হচ্ছে।
নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার আরও কয়েকটি এলাকাতেও গত কয়েকদিনে আগুন লেগেছে। সুনডার্ন, মার্সবার্গ, আর্নসবের্গ ও লিন্ডলারসহ বিভিন্ন এলাকায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।