ঢাকা, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ১৭ অগাস্ট, ২০২৬ ০৯:৫১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


 পাঁচতলা হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৬

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি পাঁচতলা হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (১৭ আগস্ট) ভোরে মন্দিরের কাছাকাছি ওই হোটেলে আগুন লাগে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, তারাপীঠ থানার কাছে পুকুরপাড় এলাকায় অবস্থিত ‘বিদেশিনী’ হোটেলে ভোর সাড়ে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন ও ধোঁয়া দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়।

 

 

 

প্রাথমিকভাবে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহের একটি এনসিবি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। পরে হোটেলের নিচতলায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

ধোঁয়ায় ভবনের ওপরের তলাগুলোও আচ্ছন্ন হয়ে যায়। নিচে আগুন থাকায় বেশ কয়েকজন অতিথি ওপরের তলায় আটকা পড়েন।

 

খবর পেয়ে তারাপীঠ ও রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে দমকলের একাধিক দল সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর হোটেলের বিভিন্ন তলায় তল্লাশি চালিয়ে আটকে থাকা অতিথিদের উদ্ধার করা হয়।

দগ্ধ ও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

হোটেল মালিক কল্যাণ পাল জানান, আগুন লাগার পর নিরাপত্তাকর্মীরা অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করেন এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে হোটেলের সাজসজ্জায় ব্যবহৃত ফাইবারজাতীয় সামগ্রীতে আগুন ধরে যাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়ার কারণে অতিথিদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

অগ্নিকাণ্ডের সময় পরিবারের সদস্যদের নিয়ে হোটেলটিতে অবস্থান করছিলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাসিন্দা তপনজ্যোতি মণ্ডল। তিনি জানান, আগুন দেখতে পেয়ে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় আটকে থাকার পর পুলিশ দরজা ভেঙে তাদের উদ্ধার করে। তার মা ও বোনও আহত হয়েছেন বলে জানান তিনি।

 

 

শ্রাবণ মাস উপলক্ষে তারাপীঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড় ছিল। তাদের অনেকেই ওই হোটেলে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। পাশাপাশি হোটেলটিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।


   আরও সংবাদ