ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ অগাস্ট, ২০২৬ ১৮:১৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার
বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, তিনি প্রতিবেদনটি এখনো পড়েননি। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সেখানে কিছু পর্যবেক্ষণ বা অনুমানের কথা থাকতে পারে।
তবে অনুমাননির্ভর প্রতিবেদনের ভিত্তিতে সরকার কোনো পদক্ষেপ নেবে না বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে সংগঠনটির স্থায়ী ঘাঁটি ও গোপন সেল গড়ে তোলার চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে বলে জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, সেটা পড়িনি। সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে।
আমি না দেখে বলতে পারব না।’
তিনি বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকার বক্তব্যে, সেখানে বলা হয়েছে যে তারা একটা অ্যাসিউম করেছে। অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমাননির্ভর রিপোর্টের ওপর আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না।’
প্রতিবেদনটি না দেখে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতেও অপারগতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে মন্ত্রিসভায় পরিবর্তন এনে তাকে অন্য কোনো দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে—এমন গুঞ্জনের বিষয়ে জানতে চান সাংবাদিকেরা। জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমিও গুঞ্জন শুনছি।’