ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ অগাস্ট, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২১ বার
দেশের একটি পরিবর্তনশীল ও চ্যালেঞ্জপূর্ণ সময়ে ২০২৪ সালের আগস্টে কারা বিভাগের দায়িত্ব নেওয়ার পর কারা ব্যবস্থাপনাকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি হয়।
একদিকে কারাগারের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা, অন্যদিকে বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে কারা ব্যবস্থাপনাকে আধুনিক, মানবিক, স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সমসাময়িক ঘটনা ও কারা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে এ কথা বলেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।
তিনি বলেন, কারাগার শুধু বন্দিদের আটক রাখার স্থান নয়।
এটি একই সঙ্গে নিরাপত্তা, সংশোধন, মানবিকতা, দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এ লক্ষ্যেই গত দুই বছরে কারা বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার, জনবল, নিয়োগ ও পদোন্নতি, অবকাঠামো, নিরাপত্তা, প্রযুক্তি, বন্দি ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও খাদ্যসেবা, কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, প্রশিক্ষণ এবং পরিবেশ ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হয়েছে।
কারা মহাপরিদর্শক বলেন, আমাদের লক্ষ্য ছিল শুধু কারাগার পরিচালনা করা নয়; বরং এমন একটি আধুনিক Correctional Service (সংশোধনমূলক সেবা) গড়ে তোলার ভিত্তি তৈরি করা, যেখানে নিরাপত্তার পাশাপাশি বন্দিদের সংশোধন ও পুনর্বাসন এবং কারা কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, দক্ষতা ও কল্যাণ সমান গুরুত্ব পাবে।