ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫ বার
২০২৬-২৭ অর্থবছরের আগস্টে বাংলাদেশের পণ্য রপ্তানি আয় বেড়েছে। এ মাসে রপ্তানি আয় হয়েছে ৪ দশমিক ৪৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।
অর্থাৎ এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ১৩ দশমিক ১৪ শতাংশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এতথ্য প্রকাশ করেছে।
দেশের রপ্তানি আয়ের প্রধান চালিকাশক্তি তৈরি পোশাক খাত। এ খাতের রপ্তানি বাড়ায় এর ইতিবাচক প্রভাব পড়েছে মোট রপ্তানি আয়ে।
আগস্টে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৯২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ২০২৫ সালের আগস্টে এ খাতের রপ্তানি আয় ছিল ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলার।
আগস্টে রপ্তানি আয়ের এই প্রবৃদ্ধির ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে দেশের মোট পণ্য রপ্তানি আয় ৫ দশমিক ৪৩ শতাংশ বেড়ে ৯ দশমিক ১৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলার।
ইপিবি জানায়, বৈশ্বিক বাণিজ্য পরিবেশ চ্যালেঞ্জিং হলেও প্রধান বাজারগুলোতে চাহিদা বৃদ্ধি এবং বাংলাদেশের ওপর ক্রেতাদের আস্থা বাড়ায় আগস্টে রপ্তানি আয় শক্তিশালী হয়েছে। এ ছাড়া উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, উচ্চ মূল্যসংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানো এবং পণ্য ও বাজার বহুমুখীকরণের উদ্যোগও এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।