ঢাকা, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৫ বার


রোহিঙ্গা ইস্যুতে মানবিকতার সঙ্গে নিরাপত্তার ভারসাম্য জরুরি

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের নিরাপত্তার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। একই সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ক্যাম্প ব্যবস্থাপনার ওপর জোর দিতে হবে।

 

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমধানের কৌশল নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আমাদের সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে।

মানবিক থাকতে হবে, তবে নিরাপত্তার বিষয়ে উদাসীন হওয়া যাবে না। আমাদের রোহিঙ্গা জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে হবে, একই সঙ্গে বাংলাদেশের জনগণকেও সুরক্ষিত রাখতে হবে।

 

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোর চারপাশে প্রয়োজনীয় অবকাঠামো, যেমন উপযুক্ত বেড়া (ফেন্সিং) ও নিয়ন্ত্রিত প্রবেশ ব্যবস্থা নিশ্চিত করা গেলে ক্যাম্পের ভেতরে চলাচল আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এর মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড কমানো এবং শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা জোরদার করা যাবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের ব্যবস্থা কোনো জনগোষ্ঠীকে বিচ্ছিন্ন করার উদ্দেশে নয়, বরং অত্যন্ত ঘনবসতিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী একটি বৃহৎ জনগোষ্ঠীর দায়িত্বশীল ব্যবস্থাপনার অংশ।

তিনি বলেন, কক্সবাজারের মানুষ অসাধারণ সহনশীলতা দেখিয়েছে। তারা নিজেদের ভূমি ও সম্পদ ভাগ করে নিয়েছে। এর ফলে তাদের জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবেশের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে এবং স্থানীয় জনসেবাগুলোর ওপর বাড়তি চাপ পড়ছে।

তিনি বলেন, মানবিক সহায়তা যেন কোনোভাবেই স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থের বিনিময়ে না হয়, তা নিশ্চিত করতে হবে। রোহিঙ্গাদের পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগণের জন্যও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা জরুরি।

তিনি বলেন, মানবিক সহায়তা প্রয়োজন, কিন্তু এর পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই রাজনৈতিক সমাধান এবং তাদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবাসনের পথ তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


   আরও সংবাদ