ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নেইমারের উদ্যোগে সান্তোসে যাচ্ছেন কুতিনহো

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


নেইমারের উদ্যোগে সান্তোসে যাচ্ছেন কুতিনহো

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কুতিনহোকে দলে ভেড়ানোর আলোচনায় অগ্রগতি হয়েছে সান্তোসের। ৩৪ বছর বয়সী এই তারকা ক্লাবটিতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সংকেত দিয়েছেন।

দুই পক্ষই চুক্তির ব্যাপারে আশাবাদী।

 

কুতিনহোর সঙ্গে যোগাযোগের উদ্যোগ প্রথমে নেয় নেইমারের প্রতিষ্ঠান এনআর স্পোর্টস।

নেইমারের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব রয়েছে কুতিনহোর। সেখান থেকেই সান্তোসের কর্মকর্তাদের সঙ্গে কুতিনহোর এজেন্ট ও স্টাফদের আলোচনা শুরু হয়।

 

বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নন কুতিনহো। তাই তাকে দলে নেওয়ার প্রক্রিয়াটি খুব একটা তাড়াহুড়ো করে এগোচ্ছে না।

গত ফেব্রুয়ারিতে ভাস্কো দা গামা ছাড়ার পর কয়েক মাস মাঠের বাইরে থাকা এই মিডফিল্ডার আবারও খেলায় ফিরতে আগ্রহী।

 

কুতিনহোর শারীরিক অবস্থা নিয়েও সান্তোসের উদ্বেগ নেই। তিনি মনে করছেন, সর্বোচ্চ ১৫ দিনের মধ্যেই ম্যাচ খেলার জন্য প্রস্তুত হতে পারবেন। শারীরিকভাবে ফিট থাকায় মূলত ম্যাচের ছন্দ ফিরে পাওয়াটাই হবে তার জন্য বড় বিষয়।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে ফিফা আন্তর্জাতিক বিরতি। এই সময়টিকেই কুতিনহোর অনুশীলন বাড়ানোর আদর্শ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। সবকিছু পরিকল্পনামতো এগোলে ৮ অক্টোবর ঘরের মাঠে ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়েই সান্তোসের হয়ে কুতিনহোর অভিষেক হতে পারে।

সান্তোসে যোগ দেওয়ার ব্যাপারে কুতিনহোর ইতিবাচক মনোভাবের পেছনে নেইমারের সঙ্গে বন্ধুত্বের পাশাপাশি ক্লাবটির সাম্প্রতিক কয়েকটি বড় চুক্তিও ভূমিকা রাখছে। সান্তোস এরই মধ্যে রোদিনেই, সেবোলিনহা ও আর্তুরকে দলে নিয়েছে। এর সঙ্গে ঐতিহ্যবাহী সান্তোসের জার্সির আকর্ষণও কুতিনহোর সিদ্ধান্তে প্রভাব ফেলছে।

ভাস্কো ছাড়ার পর ব্রাজিলের আরও কয়েকটি ক্লাব কুতিনহোর প্রতি আগ্রহ দেখিয়েছিল। তবে কোনো ক্লাবের সঙ্গেই তিনি আনুষ্ঠানিক আলোচনা শুরু করেননি।


   আরও সংবাদ