স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ৯ বার
আসিয়ান কাপ সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৮ ফুটবলারকে নিয়ে প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
এর মধ্যে ক্যাম্পে ট্রায়াল দিতে যোগ দেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি ফুটবলার।
কয়েক দিনের অনুশীলন ও পর্যবেক্ষণ শেষে সেখান থেকে ছয়জনকে বাদ দিয়েছেন জাতীয় দলের কোচ থমাস ডুলি। আরও একজনকে আজই বাদ দেওয়া হবে।
বাদ পড়াদের তালিকায় রয়েছেন পরীক্ষিত ফুলব্যাক ইসা ফয়সাল, মিডফিল্ডার কাজেম শাহ ও তাজ উদ্দিন। প্রবাসী ফুটবলারদের মধ্যে ইয়াসির তাহমিদ, দেবজিৎ সরকার ও রাহুলও চূড়ান্ত দলে জায়গা পাচ্ছেন না।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে প্রাথমিক দল সংক্ষিপ্ত হয়।
স্বাভাবিক সেই প্রক্রিয়ায় কোচ ইয়াসির তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাহুলকে বাদ দিয়েছেন। আজকের অনুশীলনের পর আরও একজনকে বাদ দেবেন। তবে ইন্দোনেশিয়ায় তিনি কয়জনকে নিয়ে যাবেন, সেটা এখনও জানাননি।’
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর ডুলির অধীনে আবারও সুযোগ পেয়েছিলেন ইসা ফয়সাল। সান মারিনোর বিপক্ষে ডুলির প্রথম ম্যাচে একাদশেও ছিলেন এই ফুলব্যাক। তবে আসিয়ান কাপের চূড়ান্ত দলে জায়গা হয়নি তার।
কাজেম শাহ ও তাজ উদ্দিনও ডুলির অধীনে সান মারিনো সফরের দলে ছিলেন। এবার তাদেরও জায়গা হলো না চূড়ান্ত স্কোয়াডে। অন্যদিকে, প্রবাসী ফুটবলার হিসেবে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার। তবে কোচের নজর কাড়তে পারেননি তারা।
বর্তমানে বসুন্ধরা কিংস অ্যারেনায় ডুলির অধীনে যারা অনুশীলন করছেন, তাদের মধ্যে নেই হামজা চৌধুরী, সমিত সোম, তারিক কাজী ও ফাহামিদুল ইসলামের মতো ফুটবলাররা। তারা বর্তমানে বিদেশের বিভিন্ন লিগে ব্যস্ত। তবে আসিয়ান কাপ শুরুর আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
ইন্দোনেশিয়ায় আগামী ২৪ সেপ্টেম্বর শুরু হবে আসিয়ান কাপ। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দল ১৯ সেপ্টেম্বর দেশ ছাড়বে। তার আগে আগামীকাল ঢাকার একটি স্থানীয় ক্লাবের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।