ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭ বার
ব্রিকস সম্মেলনের প্রথম দিনেই বিদেশি রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের আপ্যায়নে ভারতের খাদ্য সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়েছে। বিশ্বনেতাদের জন্য সাজানো ভোজের তালিকায় ছিল সম্পূর্ণ নিরামিষ সব পদ।
ভারতীয় ঐতিহ্যের পাশাপাশি মেন্যুতে যুক্ত করা হয় জনপ্রিয় কয়েকটি আন্তর্জাতিক খাবারও।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকের আগেই পরিবেশন করা হয় এই বিশেষ ভোজ।
ঐতিহ্যবাহী ভারতীয় খাবারের মধ্যে নজর কেড়েছে পনির লাবাবদার, মশলাদার রাজমা রসেলা, পাঁচ ডালের মিশ্রণে তৈরি ডাল পঞ্চমেল, সবজি মোতিয়া পোলাও, মকাই লাসুনি পালক ও ঐতিহ্যবাহী দম আলু বেনারসি।
পাশাপাশি আন্তর্জাতিক স্বাদ পরিবেশনে ছিল টমেটো-ক্রিমের সসে তৈরি পেনে পাস্তা, মুক্তা বাজরা এবং চুলায় বেক করা সবজির সঙ্গে লেবু-পার্সলি সসের বিশেষ পদ।
মূল খাবারের পাশাপাশি পাপড়, নানা পদের সালাদসহ দেশীয় অনুষঙ্গ দিয়ে সাজানো হয় পুরো পরিবেশন।
ভারতের সমৃদ্ধ খাদ্য ঐতিহ্য বিশ্বমঞ্চে তুলে ধরতেই এই বিশেষ আয়োজন বলে জানা গেছে।
এবারের সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানসহ জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
বিশ্ব জনসংখ্যার ৪০ শতাংশের বেশি এবং বৈশ্বিক অর্থনীতির প্রায় এক-চতুর্থাংশ ব্রিকস জোটভুক্ত দেশগুলোর নিয়ন্ত্রণে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস