ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:১৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে এই ডাল ক্রয়ে মোট ব্যয় হবে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্যিক মন্ত্রণালয়ের উত্থাপিত এই প্রস্তাবটি অনুমোদন পায়। অর্থ মন্ত্রণালয়ের কাউন্টার গ্যারান্টির আওতায় এতে ব্যয় ধরা হয়েছে ৭৬ কোটি ৮৯ লাখ টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, মসুর ডাল সরবরাহের জন্য আহ্বান করা উন্মুক্ত দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। কারিগরি ও আর্থিক মূল্যায়নে সর্বনিম্ন গ্রহণযোগ্য দরদাতা হিসেবে খুলনার ‘জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’ কাজ পায়।
টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশ অনুযায়ী টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি কেজি ৭৬ টাকা ৮৯ পয়সা দরে এই ডাল কেনা হচ্ছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে টিসিবির জন্য ২ লাখ ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ১৭ হাজার ৫২৮ মেট্রিক টন সংগ্রহ করা হয়েছে।
নতুন করে আরও ১০ হাজার মেট্রিক টন যুক্ত হলে সংস্থার মজুত আরও শক্তিশালী হবে, যা সরকারের নিয়মিত সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় কার্ডধারীদের মাঝে দ্রুত বিতরণ করা হবে।